দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেক ভক্তই বিস্মিত হন।
এরপর তার শারীরিক অবস্থা জানতে শুরু হয় নানা আলোচনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, প্রায় দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে একটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়।
বর্তমানে চিকিৎসা-পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বিন্দু কণা বলেন, ‘ইবরার টিপুর বড় একটি সার্জারি হয়েছে। তাই এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেরে উঠবে।
সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়েছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু সবার সঙ্গে যোগাযোগ করবে।’
তিনি আরো বলেন, ‘দুই বছর আগে ইবরার টিপুর কিডনি ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের একটি কঠিন যাত্রা পার করতে হয়েছে।
এখন সুস্থতার দিকেই এগোচ্ছেন। আমরা আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে টিপুর বর্তমান চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি। সবাই তার জন্য দোয়া করবেন।’
এর আগে এক সাক্ষাৎকারে ইবরার টিপুও নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন।
তিনি জানিয়েছিলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন। একই সঙ্গে মানসিকভাবে দৃঢ় থাকতে নিজেকে সংগীতচর্চায় ব্যস্ত রেখেছেন। নতুন গান তৈরির কাজই তাকে কঠিন সময় পার করার শক্তি জুগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করে আসছেন ইবরার টিপু। তার সুর ও সংগীতে দেশের বহু জনপ্রিয় শিল্পী গান গেয়েছেন। বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নির্মিত বহুল জনপ্রিয় স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।
আরও পড়ুনঃ কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আর নেই
বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ইবরার টিপু। দীর্ঘ চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি।
সূত্র: কালের কণ্ঠ
The post ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে সুস্থতার পথে ইবরার টিপু appeared first on ZoomBangla.







