লক্ষ্মীপুরে নানা অনিয়মের অভিযোগে হাসপাতাল ও প্যাথলজিসহ চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
চাঁদপুরে চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে পাঁচ হাজার টাকা, আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা ও সিটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার (প্যাথলজি) ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় সিটি হাসপাতালে অপারেশন থিয়েটারের অস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের অতিরিক্ত বেড, পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার লাইসেন্স দেখাতে না পারা, আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারের লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকা, আউয়াল শিশু সার্জারি সেন্টার ও জেনারেল হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় জরিমানা করা হয়। এদিকে রয়েল মেডিক্যাল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এবং জনস্বার্থে অভিযানটি পরিচালনা করা হয়েছে। এসময় চারটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
কাজল কায়েস/এসজেডএইচ/জেআইএম








