‎লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জুলাইযোদ্ধা সারোয়ার হোসেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হট্টগোলের সৃষ্টি হয়। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে অনুষ্ঠান কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে তা পুনরায় শুরু হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আবু তারেকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শহীদ পরিবার, জুলাইযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।