লালপুরে এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা আত্মসাতের অপরাধে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত সরকারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বড়াইগ্রামের বনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, ১২ মার্চ উপজেলার বড়বড়িয়া এলাকার ইমামুল হকের মেয়ে ও আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ইসরাত জাহান সূচি এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য যায়।
এসময় অফিস সহকারী অমিত কুমার সরকার জানায় তার কাছে টাকা দিলে সে ফরম ফিলাপ করে দেবে। ইসরাত টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র অমিতের কাছে দিয়ে বাড়িতে চলে আসে। এরপর বিভিন্ন সময়ে ইসরাত অমিত কুমারের সঙ্গে যোগাযোগ করলে ফরম ফিলাপ সময়মতো হয়ে যাবে বলে জানায়। ৩০ জুন সকালে ইসরাত ও তার বাবা কলেজে প্রবেশপত্র আনতে গেলে অমিত জানায় সমস্যার কারণে রাজশাহীতে প্রেরণ করা হয়েছে। সন্দেহ হওয়ায় প্রিন্সিপালের কাছে জানতে চাইলে তিনি কম্পিউটারে যাচাই করে জানান, ইসরাতের ফরম ফিলাপ হয়নি। ওসি শফিকুল ইসলাম বলেন, অমিতকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।








