বাংলার বাউল ও লোকসংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’। চার দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক লোকশিল্পী। তাদের মধ্যে প্রধান আকর্ষণ থাকছেন বাউলশিল্পী শফি মণ্ডল ও ডলি মণ্ডল।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা।

তারা জানান, ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

কর্মসূচি অনুযায়ী, ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার এবং বাউল-লোকসংগীতবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।

উৎসবে শফি মণ্ডল ও ডলি মণ্ডলের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রবাসী বাংলাদেশিরাও এ আয়োজনে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে শফি মণ্ডল বলেন, লোকসংগীত একটি দেশের সাংস্কৃতিক মেরুদণ্ড। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের লোকঐতিহ্য ও বাউল দর্শন বিশ্বের মানুষের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

‘সবসময় আমার দলের সঙ্গেই থাকব’, ব্রাজিলের বিদায়ে বললেন তটিনী

উৎসবের আহ্বায়ক এবং উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আবহমানকাল ধরে লোকসংগীত মানবতা, সম্প্রীতি ও জীবনবোধের কথা বলে এসেছে। বাংলার লোকসংগীত বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। তাই আন্তর্জাতিক পরিসরে এই ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএমএফ