ছাব্বিশের ফুটবল বিশ্বকাপে এখন টানটান উত্তেজনা চলছে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হওয়ার পর বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগালের মতো শক্তিশালী দলগুলো। ফলে এবারের বিশ্ব মঞ্চে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও লুকা মদ্রিচদের মতো তারকা খেলোয়াড়দের।

এসব তারকাদের অশ্রুসিক্ত বিদায় সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকাদের মনেও গভীরভাবে নাড়া দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়ে বিদায় জানিয়েছেন দেশের কয়েকজন তারকা শিল্পী। 

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমার। প্রিয় ফুটবলারের বিদায়ে তার কষ্টও ফুটে উঠেছে ফেসবুক পোস্টে। পলাশ লিখেছেন, “সারা জীবন আনন্দ দেওয়া মানুষগুলোকে শেষ দৃশ্যে কেন যে এভাবে কাঁদতে হয়।” 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব একজন ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার সমর্থক ও মেসির ভক্ত। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন।  

তৌসিফ মাহবুব লেখেন, “একজন ফুটবলার হয়তো একদিন মাঠ ছাড়েন। কিন্তু একজন কিংবদন্তি কখনো হারিয়ে যান না। তার ক্যারিয়ার শেষ হতে পারে, কিন্তু তার উত্তরাধিকার, তার মানসিকতা আর তার অনুপ্রেরণা বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। ধন্যবাদ, ক্রিস্টিয়ানো রোনালদো। সম্মান চিরকাল।” 

ছোটবেলা থেকেই জার্মান ফুটবলের সমর্থক অর্চিতা স্পর্শিয়া। বিশ্বকাপ এলেই প্রিয় দলের খেলা নিয়মিত দেখেন। অন্য দলের ম্যাচও উপভোগ করেন। কিন্তু প্রথম রাউন্ডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া রোনালদো ও নেইমারেরও ভক্ত, দুই তারকার বিদায়ে সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। অর্চিতা স্পর্শিয়া লিখেছেন, “ধন্যবাদ ও বিদায় দুই লিজেন্ড।”