প্রিন্স হ্যারির স্ত্রী মেগান এবং তাদের দুই সন্তান আগামী সপ্তাহে তার সঙ্গে লন্ডন সফরে যাচ্ছেন না। শনিবার হ্যারির মুখপাত্র এ তথ্য জানান। তবে ব্রিটেনের অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা এখনই নাকচ করে দেওয়া হয়নি। রাজা চার্লসের ছোট ছেলে হ্যারি আগামী সপ্তাহে বেশ কয়েকটি দাতব্য কর্মসূচি এবং ২০২৭ সালের ইনভিক্টাস গেমসের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিতে লন্ডন ও বার্মিংহাম সফর করবেন। রোববার রয়টার্স এ খবর জানায়।

প্রথমে ধারণা করা হয়েছিল মেগান, ৭ বছর বয়সি আর্চি এবং ৫ বছর বয়সি লিলিবেট প্রিন্সের সঙ্গেই সফর করবেন। কিন্তু তার মুখপাত্র জানিয়েছেন, আপাতত তারা লন্ডন সফরের পরিকল্পনা বাতিল করেছেন। পুলিশের কাছ থেকে নিরাপত্তা সুরক্ষার আবেদন নাকচ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুখপাত্র আরও জানিয়েছেন, এই পরিবারটি বার্মিংহামসহ ব্রিটেনের অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা পুরোপুরি বাদ দেয়নি, যেখানে হ্যারির ২০২৭ সালের ইনভিক্টাস গেমসের প্রচারণা চালানোর কথা রয়েছে। হ্যারি বরাবরই তার সন্তানদের ব্রিটেনে নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে তারা গত কয়েক বছর ধরে যাননি। তবে নিরাপত্তার দুশ্চিন্তার কারণে এই পরিকল্পনাগুলো সবসময়ই জটিল হয়ে উঠেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে তার মুখপাত্র বলেছিলেন, ‘ডিউক যাতে নিরাপদে এই সফর সম্পন্ন করতে পারেন এবং তার সন্তানরা যাতে যুক্তরাজ্য ভ্রমণের সুযোগ পায়, সে জন্য তিনি সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখছেন।’ প্রিন্স হ্যারির দীর্ঘদিনের দাবি, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে মেগানের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর তার পরিবার ব্রিটেনে এলে নিরাপত্তার ঝুঁকিতে থাকে। গত বছর তিনি সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আইনি লড়াইয়ে হেরে যান। ওই সিদ্ধান্তে রাজকীয় দায়িত্ব ছাড়ার পর তাকে দেওয়া স্বয়ংক্রিয় পুলিশি নিরাপত্তা সুবিধা প্রত্যাহার করা হয়েছিল। এই পরিকল্পিত সফরের মাধ্যমে আর্চি ও লিলিবেটের সঙ্গে তাদের দাদা রাজা চার্লসের একটি বিরল সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছিল। হ্যারি ও রাজপরিবারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাজা চার্লস তার এই নাতি-নাতনিদের খুব একটা দেখতে পাননি। গত বছর বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, টেলিভিশন সাক্ষাৎকার এবং তার স্মৃতিকথা ‘স্পেয়ার’-এ রাজকীয় জীবনের সমালোচনা নিয়ে বছরের পর বছর ধরে চলা প্রকাশ্য বিরোধের পর তিনি এখন তার পরিবারের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে চান। হ্যারির ইনভিক্টাস গেমসের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।