বলিউড তারকা ও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স’র সহ-মালিক শাহরুখ খান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ উদ্বোধন করেছেন। আন্তর্জাতিক মানের এই নতুন স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ম্যাচ, যেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম। নাইট রাইডার্স কর্তৃপক্ষের দাবি, এটি বিশ্বের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যা কোনো বৈশ্বিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করেছে। মাঠটিতে রয়েছে আটটি উইকেট, আইসিসি মানের খেলার পরিসর এবং ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আশা প্রকাশ করেন, এই ভেন্যু ভবিষ্যতে শহরটির ক্রিকেটের কেন্দ্র হয়ে উঠবে। ১ জুলাই থেকে এখানে শুরু হয়েছে এমএলসির ম্যাচ, চলবে ৫ জুলাই পর্যন্ত।








