নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে সৈয়দ কালা আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
মারা যাওয়া কালা আলী উপজেলার শামুকখোলা গ্রামের মৃত সৈয়দ ইয়াদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালা আলী নিজ বাড়ির আঁশফল (কাঠলিচু) গাছে ওঠেন। পাখিতে খাওয়া থেকে আঁশফল সুরক্ষিত রাখার জন্য তিনি নেট জাল দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেন। এসময় অসাবধানবশত গাছ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ নবাব আলী বলেন, “মারা যাওয়া ব্যক্তি আমার চাচা হন। তিনি শুক্রবার সকালে আঁশফল গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। হাসপাতালে রাতে তিনি মারা যান।”
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযোগ না থাকায় রাতেই মরদেহ পরিবাররের কাছে হস্তান্তর করা হয়েছে।








