বিশ্বকাপের ইতিহাসে রোমেলু লুকাকু এখন বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা। বাংলাদেশ সময় শনিবার সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে বেলজিয়াম ৫-১ গোলে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ কিংবা শেষ বত্রিশে জায়গা করে নেয়। জি-গ্রুপের এই ম্যাচের ৮৬ মিনিটে লুকাকু গোল করে একটি মাইলফলক স্পর্শ করেন। ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ডের বিশ্বকাপে এটি ষষ্ঠ গোল, বেলজিয়ামের হয়ে যা সর্বোচ্চ। এরআগে দেশটির হয়ে বিশ্বকাপে পাঁচটি গোল করেছিলেন মার্ক উইলমটস।

লুকাকু ছাড়াও কেভিন ডি ব্রুইনাও একটি অনন্য রেকর্ড গড়েছেন এই ম্যাচে। মাঝমাঠে এই সেনাপতি বেলজিয়ামের প্রথম খেলোয়াড় হিসাবে তিনটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব দেখালেন।

এদিকে একটি ভুল ডুবিয়ে দিল উরুগুয়েকে। গোলকিপার ফার্নান্দো মুসলেরার মারাত্মক ভুলের খেসারত দিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হলো দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শুক্রবার সকালে মেক্সিকোর গুয়াদালাহারায় স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নিল মার্সেলো বিয়েলসার দল। একই সঙ্গে গ্রুপ-এইচের শীর্ষস্থান নিশ্চিত করেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। সবাইকে চমকে দিয়ে এই গ্রুপ থেকে রানার্সআপ হিসাবে নকআউটে ওঠা কেপ ভার্দে শেষ বত্রিশে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৪২ মিনিটে। স্পেনের আলেক্স বায়েনার তুলনামূলক সহজ শট দুই হাত দিয়ে ঠেকাতে গিয়েও বল নিজের জালে জড়িয়ে ফেলেন অভিজ্ঞ গোলকিপার মুসলেরা। বিরতির পর তার পরিবর্তে মাঠে নামেন সার্জিও রোশে। ম্যাচ শেষে কোচ বিয়েলসা জানান, মুসলেরা নিজেই বদলির অনুরোধ করেছিলেন। ম্যাচে সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক কৌশল নেন বিয়েলসা। ৫৭ মিনিটে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দেকে তুলে ফেদেরিকো ভিনাসকে নামান তিনি। সিদ্ধান্তে দৃশ্যত অসন্তুষ্ট ছিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। যোগ করা সময়ে বিপজ্জনক ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন আগুস্তিন কানোব্বিও। ম্যাচ শেষে দলের ব্যর্থতার দায় কাঁধে নেন বিয়েলসা। তিনি বলেন, ‘ভুল ফুটবলেরই অংশ। কিন্তু আমরা তৈরি করা সুযোগের তুলনায় গোল করতে পারিনি, আবার যেভাবে গোল হজম করেছি, সেটিও গ্রহণযোগ্য ছিল না।’ তার দাবি, পারফরম্যান্স বিবেচনায় উরুগুয়ের সাত পয়েন্ট পাওয়ার মতোই খেলা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে বিদায় নেয়।

ফিফা র‌্যাংকিংয়ে ১৯তম স্থানে থাকা উরুগুয়ে এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়া সর্বোচ্চ র‌্যাংকিংধারী দল। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা টানা দ্বিতীয় আসরে নকআউট পর্বে উঠতে ব্যর্থ হলো। গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন শেষ বত্রিশে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মুখোমুখি হবে।