দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে। একই ঘটনায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন-মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল ও চারিয়া-মাসকান্দা গ্রামের আলী আকবর। পুলিশ জানায়, মাদক কেনার ক্রেতা সেজে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় অভিযুক্তরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় উপপরিদর্শক হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক মো. সাকিব এবং কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে সরকারি কাজে বাধা ও হামলার মামলা করেন। পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে চারজনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাংশু কুমার দেব বলেন, আলী আকবর দুই মাস আগে ৬০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয়ে সম্প্রতি জামিনে মুক্তি পান। নতুন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।








