মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভাবে শালিস বিচারে সম্পৃক্ত ও তদবিরকারীদের কঠোর হাতে দমন করতে হবে। আমার এলাকায় মাদকসেবী, বিক্রেতা, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজদের ঠাঁই হবে না। রোববার দুপুরে সুজানগর প্রশাসনের উদ্যোগে সুজানগর বাজারে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ-সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এসব কথা বলেন। তিনি বলেন, এসব নির্মূলে ২টি অভিযোগ বক্স ও হট নাম্বার থাকবে। অভিযোগ ধরে ধরে ব্যবস্থা নেওয়া হবে। আমার সঙ্গে যারা রাজনীতি করেন তাদের কেউ যদি এসব অপরাধের সাথে জড়িত থাকেন, তাদের জায়গা আমার কাছে হবে না। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনের মধ্যে বিরোধপূর্ণ যারা ঘাপটি মেরে আছে, তাদের বিষয়ে অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। রাজনৈতিকভাবে আমাদের প্রতিহিংসা নেই। কাউকে প্রতিহিংসার শিকার হতে দেওয়া যাবে না। কোনো নেতাকর্মী যদি প্রতিহিংসার কারণে কাউকে ক্ষতি করে তাহলে সেই নেতাকর্মীর বিএনপি করার দরকার নেই। তাদের দল থেকে বের করে দেওয়া হবে।