পূর্ব বিরোধের জেরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রউফ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার উপজেলার এলংজুরি ইউনিয়নের রূপপুর গ্রামে এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ঘাতক প্রতিবেশী শ্যামল মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে।

জানা গেছে, একাধিক মাদক মামলার আসামি শ্যামল মিয়ার বাড়ির সামনের দিয়ে বাড়ি ফিরছিলেন রউফ মিয়া। এ সময় রউফ মিয়ার ওপর অতর্কিত চড়াও হয়ে ছুরিকাঘাত করেন শ্যামল মিয়া। গুরুতর আহত রউফ মিয়াকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটাপন্ন অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই রউফ মিয়া মারা যান।

ইটনা থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, পুলিশ খবর পেয়ে ঘাতক শ্যামল মিয়াকে গ্রেফতার করেছে। তবে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।