মাদকের আন্তর্জাতিক হাবে পরিণত হয়েছে কুমিল্লার ‘গোলাবাড়ি’। বাংলাদেশ-ভারত সীমান্তে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়িতে এসে মিলিত হয় দুদেশের শীর্ষ মাদককারবারিরা। গোলাবাড়ি হাবে প্রতিদিন বসছে মাদকের অদৃশ্য পাইকারি হাট। নগদ এবং বাকিতে প্রতিদিন কোটি কোটি টাকার মাদক বেচাকেনা হচ্ছে সেখানে। সন্ধ্যার পর দুদেশের মাদক ব্যবসায়ীদের আনাগোনায় সরগরম থাকে ওই এলাকা। এদিকে অবিলম্বে গোলাবাড়ির মাদকের হাট নির্মূলের দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ-সদস্য মনিরুল হক চৌধুরী। এলাকার লোকজন সঙ্গে নিয়ে তিনি লংমার্চের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ-ভারতের মাদক পাচারের অন্যতম ফোকাল পয়েন্ট কুমিল্লার গোলাবাড়ি এলাকা। দীর্ঘ তিন যুগের বেশি দুদেশের মাদককারবারিরা মাদক পাচারের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করছে গোলাবাড়ি। পর্যায়ক্রমে এটি মাদকের আন্তর্জাতিক হাব হিসাবে গড়ে উঠেছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর দুদেশের মাদককারবারিরা এখানে জড়ো হয়। বিজিবি-বিএসএফের মৌখিক অনুমতিতে তারা নিরাপদে সীমান্তের জিরো পয়েন্টে আসা-যাওয়া করে।

এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর থেকেই গোলাবাড়ি পয়েন্টে র‌্যাব-ডিবি-পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজনের আনাগোনা বাড়ে। পাশাপাশি মাদকের ডিলার গডফাদার ছোটখাটো ব্যবসায়ীদেরও সমাগম শুরু হয়। এদিকে গোলাবাড়ি পয়েন্টের মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর অভিযান দাবি করে লংমার্চের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ-সদস্য মনিরুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মনিরুল এ কথা বলেন।

গোলাবাড়ি এলাকার আব্দুল জলিল বলেন, সন্ধ্যার পর দুদেশের মাদক ব্যবসায়ীরা এখানে মিলিত হয়। প্রতি রাতেই সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। ওমর খৈয়াম বলেন, অবিলম্বে এই এলাকা থেকে মাদকের আস্তানা নির্মূল করা হোক।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গোলাবাড়ির মাদকের হাব নির্মূলে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামসুল আলম শাহ বলেন, গোলাবাড়ি এলাকার মাদকের স্পট নিয়ে শিগ্গিরই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।

কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মাদক পাচার বন্ধে বিজিবি নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দুদেশের মাদক এবং চোরাকারবারিদের নিয়ন্ত্রণে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।