বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেছেন, মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই তাদেরসহ গ্রেফতার করা হবে। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বুধবার নরসিংদী পৌর শহরের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণ ও শান্তিতে থাকার জন্য মাদক নিয়ন্ত্রণ করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এলাকার মাদক কারবারি ও মাদকসেবীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের দলের কোনো নেতাকর্মী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের ব্যাপারে ডাবল অ্যাকশন হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বর্তমানে সমাজের সবচেয়ে বড় সমস্যা মাদক। মাদকের কারণে দেশের যুব ও তরুণ সমাজ আজ ধ্বংসের প্রান্তে। জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এসপি আবদুল্লাহ আল ফারুক, এএসপি কলিমুল্লাহ প্রমুখ।








