মাদারীপুরের ডাসারে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী পথচারী নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় ওই নারী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী রোজা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, “নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”








