ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত সাকিব (২৪) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। পরিবারের সঙ্গে তিনি চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার তিনি পরশুরাম উপজেলার দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে নানা মরহুম সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে মুহুরী সেতুসংলগ্ন নদীতে স্থানীয় দুই নারীর সঙ্গে গোসল করতে নামেন সাকিব। একপর্যায়ে তিনি পানিতে ডুব দিয়ে আর  ওঠেননি। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রাত পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় চট্টগ্রাম থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দল ঘটনাস্থলে আসে। কিন্তু তারাও ব্যর্থ হয়।

পরে রবিবার সকালে মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফুলগাজী ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করলে স্বজনরা সেটি সাকিবের বলে শনাক্ত করেন।

নিহতের নানি বেগমের নেছা বলেন, সাকিব মানসিকভাবে অসুস্থ ছিল। আমাদের অজান্তে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আজকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরশুরাম থানা পুলিশ ও নিহতের স্বজনেরাও সেখানে উপস্থিত ছিলেন। স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত করা হবে।