মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় হামলার ঘটানাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ৩০ থেকে ৪০ জন মুখোশধারী সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। তারা বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপি নেতা সোহরাব হাওলাদার বলেন, “শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমি উপদেষ্টা ছিলাম। কমিটি গঠনকে কেন্দ্র করে কেউ বিক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা চালিয়ে থাকতে পারে।”
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “কারা এবং কী কারণে হামলা চালিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”








