মাদারীপুরে জেলা বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে মাদারীপুর শহরের পুরানবাজারের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় এই ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে দিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন
শ্রমিক লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা
ভুক্তভোগী বিএনপি নেতা সোহরাব হাওলাদার বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে ধারণা করছি। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলাকারীদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসজেডএইচ/এফএ








