গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, “দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি নদীর বিল রুট চ্যানেল অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরো বলেন, “মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এটি হত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।”








