টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পত্রিকাপ্রেমী, পাঠক মীর খোরশেদ আলী ডিলার (৯৩) আর নেই। শনিবার রাত ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার দুদফা জানাজা শেষে টেকি-নাগবাড়ী গোরস্তানে তার লাশ দাফন করা হয়।
একাধিক দৈনিক পত্রিকা পড়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধ-সংঘাত থেকে শুরু করে চলমান নানা ঘটনা-সবকিছু নিয়েই ছিল তার প্রচণ্ড কৌতূহল। পত্রিকার প্রতিটি গুরুত্বপূর্ণ খবর তিনি মনোযোগ দিয়ে পড়তেন, বিশ্লেষণ করতেন এবং পরে সেগুলো নিয়েই চলত প্রাণবন্ত আলোচনা ও যুক্তিতর্ক।
৯৩ বছর বয়সেও তিনি চশমা ছাড়াই পত্রিকা পড়তেন। তিনি নিজেকে সব সময় হালনাগাদ রাখতেন। সব বিষয়ে তার কৌতূহল অনেককেই বিস্মিত করত।
পারিবারিক আর্থিক সংকটে তিনি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু সেই সীমাবদ্ধতা কখনো তার জ্ঞানপিপাসাকে থামাতে পারেনি। সংবাদপত্রকে সঙ্গী করে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। এক সময় তিনি সারের ডিলার ছিলেন।








