প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক বিদ্যালয়েও মিড-ডে মিল (দুপুরের খাবার) চালু করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এদিন সকালে অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী চন্দ্রগঞ্জ বাজারের আফজল রোডের চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নোয়াখালীর সঙ্গে লক্ষ্মীপুরের রেল যোগাযোগ স্থাপন এবং এই অঞ্চলের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন করা হবে। দেশের চলমান উন্নয়ন ও সংস্কার অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, শ্রেণিভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।








