দীর্ঘ ৫২ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবার শুরু হয়েছে দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন। পাথর উত্তোলনের কাজে অপরিহার্য বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট না থাকায় এতদিন বন্ধ ছিল পাথর উত্তোলন। বিষয়টি নিশ্চিত করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বলেন, থাইল্যান্ড থেকে আমদানি করা ৮৮ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট বৃহস্পতিবার খনিতে এসে পৌঁছেছে। রাতে তা আনলোড করার পর শনিবার সকাল ৬টা থেকে খনির পাথর উত্তোলন শুরু হয়। খনি সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট ফুরিয়ে যাওয়ায় ১৯ মে থেকে মধ্যপাড়া খনির পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ নিয়ে ষষ্ঠবারের মতো বিস্ফোরক সংকটে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায় খনিতে। এ বিষয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক জানান, পাথর উত্তোলন কাজে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট একটি স্পর্শকাতর পণ্য। তাই তা পানি পথে আনতে হয়। তিনি বলেন, বৈশ্বিক সংকটের কারণে শিপমেন্ট পেতে দেরি হয়েছে। যে কারণে জাহাজে করে তা আনতে সময় লাগল।