নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের নাটকীয় বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল জয়ের পর ননি মাদুয়েকের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। ব্যঙ্গ করে তিনি বলেন, মাঠের ওপরে ঝুলে থাকা স্পাইডারক্যামের তারও আর্সেনালের এই উইঙ্গারের চেয়ে ভালো খেলেছে। তার মতে, মাদুয়েকে মাঠে থাকায় ইংল্যান্ড যেন কার্যত ১০ জন নিয়ে খেলছিল।
জুদ বেলিংহ্যামের জোড়া গোলে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করলেও মাদুয়েকের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন ইব্রাহিমোভিচ। চোটের কারণে বুকায়ো সাকার অনুপস্থিতিতে রাইট উইংয়ে সুযোগ পেয়েছিলেন সাবেক চেলসি উইঙ্গার। কিন্তু মিয়ামিতে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।
ফক্স স্পোর্টসে ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে কোনো রাখঢাক করেননি ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘পানি বিরতি ম্যাচের গতি কিছুটা বদলে দিয়েছিল, কারণ জুদ বেলিংহ্যামই ইংল্যান্ডের সবচেয়ে সক্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু আমার মনে হয়েছে, মাদুয়েকে মাঠে থাকায় ইংল্যান্ড একজন কম নিয়ে খেলছে। বল পেলেই সে ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর মাঠে শুধু হেঁটেছে।’
বেলিংহ্যামের সমতাসূচক গোলের ঠিক আগে বলটি স্পাইডারক্যামের তারে লেগেছিল কি না, তা নিয়ে ম্যাচে বিতর্ক তৈরি হয়। নরওয়ে এ নিয়ে আপত্তি জানালেও ইব্রাহিমোভিচ সেই ঘটনাকেও মাদুয়েকের সমালোচনার সুযোগ হিসেবে ব্যবহার করেন।
তিনি বলেন, ‘পানি বিরতিও তাকে সাহায্য করতে পারেনি। সে খেলেছে ঠিকই, কিন্তু শুরু থেকেই ইংল্যান্ড যেন একজন কম নিয়ে খেলছিল। আর যদি বল সত্যিই তারে লেগে থাকে, তাহলে নিশ্চিতভাবে বলতে পারি, সেই তারও মাদুয়েকের চেয়ে ভালো খেলেছে।’
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মাদুয়েকেকে বদলানোর পরামর্শ দেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, ‘আমি যদি থমাস টুখেল হতাম, তাহলে ওকে বদলি করতাম। প্রথম ৪৫ মিনিটে সে কিছুই করতে পারেনি।’
তার এই মন্তব্যের সঙ্গে মিল রেখেই বিরতির পর মাদুয়েকের পরিবর্তে বুকায়ো সাকাকে মাঠে নামান টুখেল। ইংল্যান্ডের কোচও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না। যদিও বেলিংহ্যামের দুর্দান্ত নৈপুণ্যে দল সেমিফাইনালে উঠে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে, তবে সাকার বিকল্পকে কার্যকরভাবে ব্যবহার করতে না পারা এখনো টুখেলের জন্য চিন্তার বিষয়।
আরএএইচইউএল/আইএইচএস








