রাজধানীর মগবাজারে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার কারণে তেজগাঁও ও শেরেবাংলা নগরসহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। বিকল্প ব্যবস্থায় বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হলেও এখনো কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দুপুর দেড়টার দিকে শনিবার দিকে হাতিরঝিল সংলগ্ন মগবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, আগুনের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকার প্রায় ৮০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থার মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে ৩০ হাজার এবং দুই ঘণ্টার মধ্যে আরও ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়।
ডিপিডিসির প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক জানান, উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ ঘটনায় দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত বিকল্প সংযোগ চালুর মাধ্যমে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তিনি বলেন, হাতিরঝিলের বেগুনবাড়ি, তেজগাঁও শিল্প এলাকাসহ কয়েকটি এলাকার প্রায় ২৩ হাজার গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন রয়েছেন। মেরামত কাজ শেষে রাত সাড়ে ১২টার মধ্যে ধাপে ধাপে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।








