মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে আবালপুর ড্রাগ হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে মেসার্স আবালপুর ড্রাগ হাউসকে জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, ফার্মেসিতে বিক্রয়নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বাণিজ্যিকভাবে বিক্রয়ের প্যাকেটে রেখে বিক্রি করা হচ্ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা পুলিশের একটি টিম।

এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। কর্তৃপক্ষ জানায়, পুনরায় একই ধরনের অপরাধ প্রমাণিত হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সজল আহম্মেদ বলেন, ‘ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মেয়াদবিহীন ওষুধ ভালো ওষুধের প্যাকেটে সংরক্ষণ করে বিক্রি এবং নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
মো. মিনারুল ইসলাম জুয়েল/কেজে/এএসএম








