ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৮৮ বোতল মাদকসহ মো. আজিবুর রহমান (৩৫) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের মাটিয়ানি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে আটটার দিকে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাটিয়ানি গ্রামে অভিযান চালায়। এ সময় আজিবুর রহমানের বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল এবং ১২ বোতল ফেনসিডিলসহ মোট ১৮৮ বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার আজিবুর রহমান ওই গ্রামের মৃত আবদুল গাফ্ফারের ছেলে।র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আজিবুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছে র‍্যাব।এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।\