রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে। যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ এ অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ মঙ্গলবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

পরিদর্শনকালে মো. আনিছুর রহমান বলেন, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যে নির্ধারিত সংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।

ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘এই অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। সকল বাস মালিক ও চালকদের সহযোগিতা কামনা করছি।’

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাস মালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখার অনুরোধ করা হয়েছে।