শিবগঞ্জে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের এইচএসসির ছয় শিক্ষার্থীর ফরম পূরণের নামে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) সাব্বির হোসেন শাওনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, শিবগঞ্জের মহাস্থান মাহী সওয়ার কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন চলতি এইচএসসি পরীক্ষার্থী মো. হাসর, মো. সম্রাট সরকার, তৌহিদুর রহমান তামিম, মইনুর ইসলাম, অমিত হাসান এবং সাব্বির হোসেনের সঙ্গে কথা বলে বিশ্বাস তৈরি করেন। তাদের পরীক্ষার ফরম পূরণের নামে সাড়ে চার হাজার টাকা করে মোট ২৭ হাজার টাকা নেন। পরীক্ষার আগের দিন ১ জুলাই শিক্ষার্থীরা কলেজে গিয়ে জানতে পারেন, তাদের প্রবেশপত্র আসেনি। তারা বুঝতে পারেন, সাব্বির হোসেন শাওন ফরম পূরণের টাকা আত্মসাৎ করেছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম শনিবার শাওনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দু’জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে ছয় শিক্ষার্থী প্রবেশপত্র পেয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।