ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে আরিসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিসান ওই গ্রামের মো. মনিরুজ্জামান মনিরের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় আরিসান। গোসলের একপর্যায়ে আরিসানকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।আরিসানের খেলার সাথি মৌরিন জানায়, গোসলের সময় পুকুরের মাঝখানে একটি জুতো ভেসে যেতে দেখে তারা সেটি আনতে যায়। ফিরে এসে দেখে আরিসান পানির ওপর নেই। আরেক বন্ধু তন্বী জানায়, মায়ের অনুমতি নিয়ে আরিসান তাদের সঙ্গে গোসল করতে এসেছিল।বাঁশবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. নুরুজ্জামান বলেন, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি অভিভাবকদের শিশুদের বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পুকুরে গোসল করতে নেমে শিশুটির মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। শিশুদের পানির কাছে একা যেতে না দেওয়া এবং অভিভাবকদের সর্বদা সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি।
অপরাধ
মহেশপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন







