নারী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও রুকন (সদস্য) গোলাম কিবরিয়ার পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে ফুলপুর উপজেলা জামায়াত কার্যালয়ে জেলা আমিরের উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী-কোনো রুকন বা দায়িত্বশীল ব্যক্তি যদি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত থাকেন, তবে তার সদস্যপদ বা সাংগঠনিক পদ স্থগিত থাকবে। গোলাম কিবরিয়া ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত থাকায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।বুধবার জেলা জামায়াতের আমির আব্দুল করিম উপজেলা কার্যালয়ে এই ঘোষণা দেন। একই সঙ্গে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে জাকির হোসেন মাস্টারের নাম ঘোষণা করা হয়।উল্লেখ্য, অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে ফুলপুর উপজেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় ওই মহিলা কলেজে শিক্ষকতা করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ও নতুন নীতিমালার অংশ হিসেবেই তার পদটি স্থগিত করা হয়েছে বলে জেলা শাখা থেকে জানানো হয়েছে।