পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার দোপপাড়ায় ঘটনাটি ঘটে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলের একটি বিশেষ ম্যাচ থাকায় ভোররাত পর্যন্ত মথুরাপুর এলাকায় উন্মাদনা ও আমেজ বিরাজ করছিল। পুলিশের কাছে গোপন সংবাদ ছিল, এই সুযোগটি ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে দুটি গাড়িতে মথুরাপুরের দোপপাড়া এলাকায় যায় পুলিশের টহল দল।

পুলিশের দাবি, পুলিশ সদস্যদের উপস্থিতি দেখে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে দলটির শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।

পুলিশের এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। তিনি বলেন, ‍“পুলিশের অভিযানের কারণে আমি নিজেই এলাকায় যেতে পারি না, সেখানে উপস্থিত থাকার প্রশ্নই আসে না। আমি যতটুকু জেনেছি, রাতে খেলা দেখার পর স্থানীয় যুবকরা সেখানে খিচুড়ি রান্না করে খাচ্ছিল। এ সময় পুলিশ গিয়ে ১০-১৫ জনকে আটক করলে স্থানীয় বাসিন্দা ও নারীরা ঘর থেকে বেরিয়ে এসে তাদের ছাড়িয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের গাড়িতে আঘাত লাগে এবং দুজন পুলিশ সদস্য আহত হন বলে শুনেছি।”

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, “হামলায় ওসিসহ দুই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”