ট্রাস্ট ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের জন্য বিশেষ সুবিধায় গাড়ির রক্ষণাবেক্ষণ ও অটোমোটিভ সেবা নিশ্চিত করতে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় ট্রাস্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ থেকে গাড়ির সার্ভিসিং ও প্রি-পারচেজ ইন্সপেকশন সেবায় বিশেষ মূল্যছাড় পাবেন। পাশাপাশি দ্রুত সেবা নিশ্চিত করতে কুইক সার্ভিস টিমের মাধ্যমে অগ্রাধিকারভিত্তিক সুবিধা দেওয়া হবে। এ সেবা সমন্বয়ের জন্য মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ একজন নির্ধারিত কর্মকর্তাও নিয়োগ দেবে।
চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের পক্ষে হেড অব বিজনেস মো. মাহবুব হোসেন এবং মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক মাসুদ করিম চৌধুরী স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. কামাল হোসেন সরকারসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের জন্য মূল্যসংযোজনমূলক সেবা সম্প্রসারণের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বভিত্তিক সুবিধা চালুর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।








