ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে এই হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ৬৪ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া মেয়ে শিশুর বয়স সাড়ে ৩ মাস। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া আক্রান্ত ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরো ২০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ হয়ে চিকিৎসাধীন আছে ৮৭ শিশু।