সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে সিঙ্গাপুর। শুক্রবার (১৭ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য জানিয়েছে। বিষয়টি সিএনএনের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
আইএসডি জানিয়েছে, তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যা থেকে বলা যায় যে ওই দুই বাংলাদেশি সিঙ্গাপুরে কোনো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিলেন বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
ওই দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষ হওয়ার পর গত ৮ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন
জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে
বাংলাদেশে পৌঁছানোর দিনই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আইএসডি বলেছে, নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।
এমডিএএ/এমআইএইচএস








