ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নতুন সরকারকে সতর্ক করে তিনি বলেছেন, অত্যাচার করবেন না। মনে রাখবেন, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে।
শনিবার (৪ জুলাই) এক ফেসবুক লাইভে এসে তিনি এমন বিস্ফোরক অভিযোগ তোলেন। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হওয়ায় প্রথমবারের মতো শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
গত ৪ মে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ভোটে পরাজিত হন মমতা। এরপর এই প্রথমবারের মতো তিনি নতুন মুখ্যমন্ত্রীকে ক্ষমতাপ্রাপ্তিতে শুভেচ্ছা জানালেন।
লাইভে সরাসরি নতুন মুখ্যমন্ত্রীর নাম না বললেও মমতা বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে।
শুভেন্দু যে এক সময় তৃণমূলেরই কর্মী ছিলেন তা মনে করিয়ে দিয়ে মমতা বলেন, আপনিও নির্বাচনে অনেক বার হেরেছেন। এবং আপনার জন্য আমি বার বার যেতাম আপনার কেন্দ্রে। সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনও কৃতিত্ব নিচ্ছি না।
সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনিও প্রায় ১০-১১ বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে মন্ত্রী ছিলেন। কখনও পরিবহণমন্ত্রী, কখনও সেচমন্ত্রী। কখনও ছ’টি জেলার দায়িত্বে ছিলেন। জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন। সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। হলদিয়া উন্নয়ন পর্ষদ, দিঘা উন্নয়ন পর্ষদ সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে।
বিজেপি ভোট লুট করে ক্ষমতায় এসেছে দাবি করে তিনি বলেন, তা সত্ত্বেও আমরা বলেছি, ঠিক আছে। একটা নতুন সরকার যেভাবেই হোক এসেছে। তারা কাজ করুক। কিন্তু কাজের বদলে আমরা দেখছি সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার প্রবণতা চলছে। সন্ত্রাস শুরু হয়েছে।
নতুন সরকার যেন তৃণমূলের নেতাকর্মীদের ওপর অত্যাচার না করে তা নিয়ে সরকারকে সতর্ক করে দেন মমতা। তিনি বলেন, অত্যাচার করবেন না। মনে রাখবেন, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। প্রতিটি কাজের প্রতিক্রিয়া থাকে। আপনারা যত অত্যাচার করবেন, আমরা তত বাড়বো।
এএমএ








