প্যারাগুয়ের সেই শরীরসর্বস্ব ফুটবল স্রেফ তাদের পরীক্ষাই নেয়নি, ফরাসি স্নায়ুর ওপর দিয়ে যেন বুলডোজার চালিয়েছে। কিলিয়ান এমবাপ্পের ওই পেনাল্টিটা যদি জালে না জড়াত, তবে আজ অন্য গল্প লেখা হতো।

কিন্তু ফুটবল তো আর ‘যদি’ কিংবা ‘কিন্তু’র ওপর দাঁড়িয়ে বাঁচে না। রক্তচাপ বাড়ানো সেই রাতের বাধা পেরিয়ে ফ্রান্স এখন কোয়ার্টার ফাইনালে। আগামী ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টনে তাদের সামনে ফুটবলে আফ্রিকার নতুন সূর্য মরক্কো।  

খাতায়-কলমে ম্যাচটি সেমিফাইনালে ওঠার। কিন্তু ফরাসি শিবিরের ফুরফুরে হাওয়ায় হঠাৎই যেন চোট আর কার্ডের হাহাকার। ফরাসি সহকারী কোচ গি স্টিফোঁর চোখেও প্যারাগুয়ের বিপক্ষে ওই জয়ের মূল্য তেমনই চড়া। তরুণ দলটির মাথা ঠান্ডা রাখার ক্ষমতা দেখে তিনি মুগ্ধ। তবে বোস্টনের ম্যাচটার আগে ডাগআউটে কোচিং স্টাফদের কপালে চিন্তার ভাঁজও স্পষ্ট।

স্বাগতিক কানাডাকে ৩–০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো

মার্কোস থুরাম গত সোমবার অনুশীলনে ফিরেছেন। ফরাসি শিবিরে ওটুকুই স্বস্তি। বাকিটা জুড়ে শুধুই ধোঁয়াশা। অ্যাবডাক্টরের চোটে ভুগতে থাকা অরেলিয়াঁ চুয়ামেনিকে এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে কাটাতে হচ্ছে। সহকারী কোচ স্টিফোঁর কণ্ঠেও সেই উদ্বেগ, ‘ওর চোটের উন্নতি দেখছি। তবে ম্যাচটি বৃহস্পতিবার, হাতে সময় কম। ও অবশ্য ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।’

বিতর্কের পর বিতর্ক, তবু ইনফান্তিনোর গায়ে কেন আঁচ লাগে না

তার ওপর প্যারাগুয়ে ম্যাচে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ডটি দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ফরাসি ফুটবল ফেডারেশন অবশ্য এই কার্ডের বিরুদ্ধে ফিফার কাছে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। মরক্কো যে স্রেফ রূপকথা লিখতে আসেনি, তা হাকিমি-দিয়াজরা ভালো করেই বুঝিয়ে দিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া, আর নকআউটে নেদারল্যান্ডস ও কানাডাকে বিদায় করা কোনো ফ্লুক নয়। বিশেষ করে সহ-আয়োজক কানাডাকে যেভাবে তারা পাত্তাই দেয়নি, তাতে ফরাসি থিঙ্কট্যাংক নড়েচড়ে বসতে বাধ্য।

মাইকেল ওলিসে

মরক্কোর পাসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকের মিশ্রণকে সম্পূর্ণ ‘নতুন চ্যালেঞ্জ’ মানছেন স্টিফোঁ। তাঁর মতে, ‘ওরা সুসংগঠিত, গোছাল এবং পাল্টা আক্রমণে দারুণ বিপজ্জনক। মাঠের সবখানেই ওদের ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো ফুটবলার আছে।’

একদিকে আশরাফ হাকিমি আর ব্রাহিম দিয়াজদের নিখুঁত কাউন্টার অ্যাটাক, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের ইউরোপীয় ঘরানার গতিশীল ফুটবল। শেষ আটের এই ম্যাচটা ফরাসিদের জন্য স্বস্তির হবে, নাকি মরক্কোর রূপকথার নতুন কোনো ট্রিলজি লেখা হবে? উত্তর লুকিয়ে বোস্টনের সবুজ মাঠে।

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, দেশের সংসদ সদস্যের ওপর ক্ষুব্ধ প্যারাগুয়ে সরকার