গত সংখ্যায় লিওনেল মেসিকে নিয়ে প্রকাশিত বিচ্ছুর কাল্পনিক সাক্ষাৎকার পড়ে নাকি বেশ অভিমান করেছেন নেইমার। তার অভিযোগ, মেসিকে নিয়ে এত কথা, আর আমাকে বেঞ্চে বসিয়ে রাখলেন! এমনকি হুমকিও দিয়েছেন-চলতি সংখ্যায় সাক্ষাৎকার প্রকাশ না হলে বিচ্ছুকে অফসাইডে ফেলে দেবেন! শেষ পর্যন্ত মান ভাঙাতে তার কাল্পনিক সাক্ষাৎকার গ্রহণ করেছেন-মাহবুবুর রশিদ
বিচ্ছু : নেইমার ভাই, কেমন আছেন?
নেইমার : এই তো ভাই, আজ আছি, কাল ইঞ্জুরিতে থাকব, পরশু ডাক্তারখানায়! জীবনটা অফসাইডে চলে গেছে!
বিচ্ছু : শরীর খারাপ নাকি?
নেইমার : শরীর ভালো থাকলে তো মানুষ সন্দেহ করে! একটু জ্বর, একটু সর্দি, একটু ইনজুরি-এগুলোই আমার টিমমেট!
বিচ্ছু : আপনার নামের শুরুই নেই। অথচ আপনি তো দিব্যি আছেন!
নেইমার : দার্শনিক প্রশ্ন করেছেন। পৃথিবীতে আসার আগে সবাই নেই ছিলাম, চলে যাওয়ার পরও নেই হয়ে যাব। মাঝখানে একটু মার খাচ্ছি, তাই নাম-নেইমার!
বিচ্ছু : খেলার সময় মাঝেমধ্যে দেখি মাঠে পড়ে গড়াগড়ি খান?
নেইমার : আরে ভাই, ওটা গড়াগড়ি না। মাঠের সঙ্গে আবেগের আলিঙ্গন! এতদিনের সম্পর্ক, তাই তো ভালোবাসা প্রকাশ করতে মাঠের সঙ্গে একটু কোলাকুলি করি, এই আর কি।
বিচ্ছু : অনেকে আপনার দলকে সেভেন আপ বলে ডাকলে আপনার ভক্তরা ক্ষেপে যায় কেন?
নেইমার : হয়তো সেভেন আপ তাদের পছন্দ না। একদিন কোকাকোলা বলে ডাকেন, দেখবেন হাসিমুখে সেলফিও তুলবে!
বিচ্ছু : ফুটবলার না হলে কী হতেন?
নেইমার : ছোটবেলায় মার্বেল ভালো খেলতাম। সম্ভবত বিশ্বসেরা মার্বেল খেলোয়াড় হতাম!
বিচ্ছু : আচ্ছা জানেন নাকি? আপনার অভিনয় নিয়ে অনেক ট্রল হয়!
নেইমার : যারা বলে অভিনয় তারা আসলে সঠিক নয়! আমি শুধু ব্যথাটা একটু শিল্পসম্মতভাবে প্রকাশ করি।
বিচ্ছু : শেষ প্রশ্ন, আপনাকে নিয়ে যারা ট্রল করে তাদের উদ্দেশে কিছু বলবেন?
নেইমার : আমাকে নিয়ে হাসুন, ট্রল করুন, মিম বানান-কিন্তু খেলা দেখতে ভুলবেন না। কারণ মাঠে আমি যতবার পড়ি, সোশ্যাল মিডিয়ায় তারচেয়ে বেশি ভাইরাল হই!








