আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্বকাপ ফাইনালের মাঠের একটা ছোট অংশ নিজেদের সংগ্রহে রাখতে পারবেন ফুটবলপ্রেমীরা। ফিফা মাঠের ঘাস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বকাপ ফাইনালের ভেন্যুর এক টুকরো কিনতে কত খরচ হবে জানেন? ৪৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার পাঁচশ টাকা। এই টাকা খরচ করে ফুটবলপ্রেমীরা মাঠের ঘাসের কতটা অংশ কিনতে পারবেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি। বহু আগ্রহী ফুটবলপ্রেমী ফিফার কাছে মাঠের ঘাসের টুকরোর মাপের একক জানতে চেয়েছেন। এ ব্যাপারে ফিফা কর্তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের মাঠের ঘাসের একটি টুকরোর মাধ্যমে ফুটবল ইতিহাসের খণ্ডিত অংশের মালিক হোন, যা একটি উচ্চমানের অ্যাক্রিলিকে স্থায়ীভাবে সংরক্ষিত। সঙ্গে একটি স্মারক পাবেন। প্রতিটি টুকরোয় থাকবে ফাইনালের মাঠের একটি আসল খণ্ড, যা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আয়োজনকে স্মরণীয় করে রাখার একটি অনন্য সংগ্রহযোগ্য সামগ্রী হবে।’ স্মারকটি কীভাবে তৈরি করা হচ্ছে, তাও জানানো হয়েছে ফিফা ওয়েবসাইটে।