মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন সংগঠনটির জেলা নেতৃবৃন্দ। রোববার বিকালে মৌলভীবাজার পৌর শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তারা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের দায় এড়াতে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ষড়যন্ত্রমূলক মামলা করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত কিছুদিন আগে কুলাউড়া সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে একটি প্রতিবাদ সমাবেশের হয়। ওই কর্মসূচি চলাকালে আব্দুল্লাহ আল হোসাইন, কামরুল হাসান, জাবেদ রহমান এবং শাফাকাত হোসেন সাদেকসহ একদল কর্মী দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরবর্তী কর্মসূচি চলাকালে কমলগঞ্জের শমসেরনগরেও একই ব্যক্তিরা আবারো বিশৃঙ্খলা ও হামলার চেষ্টা চালায়। দলের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে ফেসবুকে আব্দুল্লাহ আল হোসাইনকে ‘ছাত্রলীগ কর্তৃক অপহরণ’ করা হয়েছে বলে অপপ্রচার চালানো হয় এবং দলের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে ২৮ জুন মামলা করা হয়।








