ময়মনসিংহের হালুয়াঘাটে বুধবার (১৫ জুলাই) ছেলের ধারালো দায়ের কোপে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মজিবুর রহমান (৫৫) সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় ভারতীয় সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত ছেলে ফারুক আহমেদকে (৩০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মজিবুর। এসময় তার ছেলে ফারুক ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ফারুক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
আরও পড়ুন
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে ভারতীয় সীমান্ত-সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত ফারুককে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ফারুককে পুরোপুরি মানসিক ভারসাম্যহীনও মনে হয়নি, আবার পুরোপুরি সুস্থও মনে হয়নি। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তাকে ঠিকমতো দেখভাল করা হচ্ছিল না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এইচএসভি/একিউএফ








