জুলাই আন্দোলনে ময়মনসিংহের প্রথম শহীদ রেদওয়ান হোসেন সাগরের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ জুলাই) বিকেলে জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন, শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিকেলে নগরীর হরিকিশোর রায় সড়কে জেলা বিএনপির কার্যালয়ে কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার ও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম।বক্তারা জুলাই আন্দোলনের প্রথম শহীদ রেদওয়ান হোসেন সাগরসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আলোচনা সভা শেষে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে শহীদ সাগরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।