উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে ন্যায্য ও উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের দাবি, উত্তর ফটিকছড়ি উপজেলা ভূজপুর, দাঁতমারা, নারায়ণহাট ও হারুয়ালছড়ি- এই চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। তাই চার ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপন করা হলে তা জনগণের জন্য অধিকতর যৌক্তিক, সহজলভ্য ও জনবান্ধব হবে।
আরও পড়ুন
নতুন ৩ উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি
তাদের অভিযোগ, ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা উপেক্ষা করে শুধু ভূজপুরে উপজেলা কার্যক্রম শুরু করা হয়েছে, যা চার ইউনিয়নের মানুষের ন্যায্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগব্যবস্থা, জনস্বার্থ এবং স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনার আহ্বান জানান।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।
এমআরএএইচ/বিএ








