ময়মনসিংহ মেডিকেল কলেজে অভিযান চালিয়ে নারীসহ দালাল চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১৪ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান নিয়ে রোগী ও তাদের স্বজনদের টার্গেট করতেন। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করতো। পরে নানা প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো।

কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান জাগো নিউজকে বলেন, শুধু অভিযান চালিয়ে স্থায়ী সমাধান হবে না। এসব দালালকে একাধিকবার গ্রেফতার করা হলেও জামিনে বা অন্যভাবে ছাড়া পেয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ে। তাই এদের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

হোসাইন সুলভ/এএইচ/এএসএম