মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিতি একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকালে চিরকুট ও বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। পূর্ব শত্রুতার কারণে কেউ এগুলো রাখতে পারে বলে ধারণা বাড়ি মালিকের।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল স্কেচ টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পান বাড়ির লোকজন। পাশেই পড়েছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট। এতে লেখা ছিল- দেওয়াল দিচ্ছি রাস্তা পাশ দিয়ে পানি নামতে না দিলে বোমা দদিয়ে মেরে ফেলবো, দোল এখন পাওয়ারে বেঁচে থাকতে কথা শোন।
আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কষবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। বুধবার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যেতে পারে বলে অভিযোগ তাদের।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আসিফ ইকবাল/এনএইচআর/এএসএম








