ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয়লাভের পুরস্কার হিসেবেই রোববার (৫ জুলাই) মেক্সিকো সিটিতে এই রোমাঞ্চকর শেষ ষোলোর ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহি বলেছেন, এস্তাদিও আজতেকায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোই ফেভারিট বা জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে।
মেক্সিকোতে থমাস টুখেলের দলের জন্য অপেক্ষা করছে প্রতিকূল পরিবেশ ও সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে খেলার চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ডিফেন্ডার গেহি মনে করেন, বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোর বিপক্ষে ইউরো ২০২৪-এর রানার্স-আপ ইংল্যান্ড কিছুটা ‘আন্ডারডগ’ বা পিছিয়ে থাকা দল হিসেবেই মাঠে নামবে।
ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের এই ডিফেন্ডার বলেন, ‘আমরা জানি তারা একটি ভালো দল এবং তাদের দর্শকদের সমর্থনও তাদের সঙ্গে রয়েছে তাই সেখানে খেলতে যাওয়াটা অনেকটা উত্তপ্ত ও কঠিন পরিবেশে প্রবেশের মতো হবে। তবে এটি একটি উপভোগ্য পরীক্ষাও হবে।’
তিনি আরও বলেন, ‘আমি বলবো তারাই এখানে ফেভারিট। তারা নিজেদের মাঠে খেলছে এবং এখানকার পরিবেশ সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে। এখন পর্যন্ত তারা কোনো গোল হজম করেনি এবং তাদের জয়ের রেকর্ডও শতভাগ। শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে এবং দারুণ সব পরিবেশে খেলার জন্যই তো আমরা এসব প্রতিযোগিতায় অংশ নিই। এটি এমন একটি ম্যাচ যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
আজতেক স্টেডিয়ামে খেলা ৮৯টি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে মেক্সিকো হেরেছে মাত্র দুটিতে। এই মাঠেই ৪০ বছর আগে আর্জেন্টিনার কাছে কোয়ার্টার ফাইনালে হেরেছিল ইংল্যান্ড, যে ম্যাচে দিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলটি হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২৪০ মিটার উচ্চতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে দেখানো মানসিক দৃঢ়তা ও ধৈর্যের পুনরাবৃত্তি প্রয়োজন হবে।
গেহি বলেন, ‘আমার মনে হয় আমি নিজের ধরন সম্পর্কে জানি। আসল বিষয় হলো, ওই মুহূর্তগুলোতে আপনি কীভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন। আপনি মনে মনে কল্পনা করতে থাকেন মুহূর্তগুলো কেমন হতে পারে। আগে থেকেই সেগুলো মনের ভেতর এঁকে রাখেন যাতে সেগুলো যখন বাস্তবে ঘটে, তখন আপনি অবাক না হন। মূলত ওই মুহূর্তগুলোতে নিজের মধ্যকার সেই গুণগুলো ফুটিয়ে তোলা এবং ব্যক্তিত্বের পরিচয় দেওয়ার বিষয়টিই এখানে গুরুত্বপূর্ণ।’
আরআর/এসকেডি/এসএনআর








