লিওনেল মেসিকে নিয়ে ওমর সানির একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। নায়ক সেই পোস্টে মেসিকে প্রতিবন্ধী বলেছিলেন। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও একটি পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, ‘ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’

এরপর সেই জয়কে উদ্দেশ করে সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে পাল্টা পোস্ট দেন ঢালিউড অভিনেতা ওমর সানি। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে তিনি ‘অরজিনাল চাবুক অর্ডার’ দেওয়ার কথা লিখে সতর্ক থাকার আহ্বান জানান।

সেই পোস্টের প্রেক্ষিতে মুখ খুলেছেন জয়। ফেসবুকে এআই দিয়ে নির্মিত একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ওমর সানি কেন কতজনই তো চাবুক মেরে যাচ্ছে। কারণে অকারণে।’

পোস্ট করা ওই ছবিতে দেখা যায় ওমর সানি চাবুক দিয়ে জয়কে পেটাচ্ছেন। ছবিটি নিয়ে বেশ রসিকতায় মেরেছেন নেটিজেনরা।

এর আগে গেল সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে ওমর সানি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

তবে পোস্টের শেষে ‘সাবজেক্ট খেলাধুলা ফান’ লিখে বিষয়টিকে তিনি রসিকতা হিসেবে উল্লেখ করেন।

সেই পোস্টের পরই জয় বিতর্ক উস্কে দিলেন পাল্টা পোস্ট করে।

 

এলআইএ