বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত। মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের পরাশক্তিরা। তবে মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের বাজারে লেগেছে বিশাল হাওয়া, আর সেই হাওয়া রূপ নিয়েছে এক মহাতুফানে। তবে এই ঝড়ের নেপথ্যে দলগুলোর শক্তিমত্তা কিংবা ঐতিহ্য নয়, কাজ করছে কেবল একটিই নাম, লিওনেল মেসি। বিশ্ব ফুটবলে যে এখনো মেসির জনপ্রিয়তার ধারেকাছে কেউ নেই, টিকিটের মূল্যের এই আকাশপাতাল ব্যবধানই তার সবচেয়ে বড় প্রমাণ।

চলতি বিশ্বকাপের দুই সেমিফাইনালের টিকিটের দাম তুলনা করলেই বোঝা যায় ‘মেসি ইফেক্ট’ কাকে বলে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল ফ্রান্স আগামী মঙ্গলবার ডালাসে মুখোমুখি হবে শক্তিশালী স্পেনের। মাঠের লড়াইয়ে এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত মহারণ। অথচ সোমবার দুপুর পর্যন্ত এই ম্যাচের টিকিটের দাম ছিল ১,৩২৫ ডলার, যা গত তিন দিনে প্রায় ২৬ শতাংশ কমেছে।

অন্যদিকে বুধবার আটলান্টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। আর এই ম্যাচের টিকিটের দাম গিয়ে ঠেকেছে রেকর্ড ২,৮৪১ ডলারে! অর্থাৎ ফ্রান্স বনাম স্পেনের মতো হাইভোল্টেজ ম্যাচের চেয়ে মেসিদের ম্যাচের টিকিটের দাম দ্বিগুণেরও বেশি! গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। এমনকি শনিবার এই টিকিটের দাম উঠে গিয়েছিল ২,৯৬৬ ডলারে। আটলান্টা ইউনাইটেডের বিপুল আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠী এবং দলটির কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক ম্যানেজার জেরার্ডো ‘টাটা’ মার্টিনোর উপস্থিতি এই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে। কিন্তু আসল সত্যটি সবারই জানা, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শক আসলে খেলা দেখতে নয়, আসছেন অতিমানব মেসির জাদুকরী মুহূর্তের সাক্ষী হতে।

আগামী শনিবার মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের মূল্য যেখানে ১,৫৪৩ ডলার, সেখানে মেসিকে একবার চোখের দেখা দেখার জন্য ভক্তরা তিন হাজার ডলার খরচ করতেও দ্বিধাবোধ করছেন না। এমনকি আগামী রবিবারের ফাইনাল ম্যাচের টিকিটের আকাশচুম্বী দামের (৬,৭৬০ ডলার) পেছনেও রয়েছে মেসির ফাইনালে ওঠার জোরালো সম্ভাবনা।

আমেরিকার বাজারে টিকেটের এমন আকাশছোঁয়া দাম নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নানামুখী সমালোচনা ও মামলার মুখে পড়লেও ডাইনামিক প্রাইসিং সিস্টেমের পক্ষে সাফাই গেয়েছেন। তবে ফুটবল বোদ্ধাদের মতে, নিয়ম বা আইন যাই হোক না কেন, টিকিটের দামের এই অবিশ্বাস্য উল্লম্ফনের মূল চালিকাশক্তি শুধুই লিওনেল মেসি। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও মাঠ এবং মাঠের বাইরে মেসির একচ্ছত্র আধিপত্যই ফুটবল বিশ্বের আসল ধ্রুবতারা।