ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি।ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি এ ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী মোদির ভিডিও অপসারণের মাধ্যমে ১৪০ কোটিরও বেশি ভারতীয় নাগরিকের প্রতিনিধির প্রতি অসম্মান দেখানো হয়েছে।তিন দিনের মধ্যে ক্ষমা চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে সতর্ক করেছে কমিটি।এ সুরক্ষা বাতিল হলে প্ল্যাটফর্মটি এবং এর কর্মকর্তারা ব্যবহারকারীদের কনটেন্টসংক্রান্ত বিষয়ে সরাসরি আইনি ও ফৌজদারি জটিলতার মুখে পড়তে পারেন।গত ২৩ জুলাই প্রধানমন্ত্রী মোদির একটি সেলফি-স্টাইল ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়। পরে সেটি ফেসবুকে শেয়ার করা হলে কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়। ভিডিওটিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। ব্যাপক সমালোচনার মুখে পরে ভিডিওটি পুনরায় ফিরিয়ে আনে মেটা।চলতি সপ্তাহের শুরুতে সংসদীয় কমিটি মেটার কর্মকর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করে। মেটা ভিডিও অপসারণের জন্য ‘কারিগরি ত্রুটি’কে দায়ী করে দুঃখ প্রকাশ করলেও ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ব্যাখ্যাকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছে।মন্ত্রণালয়ের মতে, প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে মেটার এমন ত্রুটি এড়াতে আরও শক্তিশালী ব্যবস্থা থাকা উচিত।একই কমিটি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শিশুদের যৌন শোষণ ও নির্যাতনসংক্রান্ত (সিএসইএএস) এবং নারীদের লক্ষ্য করে তৈরি আপত্তিকর কনটেন্ট তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।অন্যদিকে, তেলেঙ্গানা পুলিশ পৃথক অভিযোগে গুগল ও মেটার বিরুদ্ধে মামলা করেছে। গুগলের বিরুদ্ধে প্রতারণামূলক আর্থিক অ্যাপ হোস্ট করার অভিযোগ আনা হয়েছে। আর মেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় মামলা করা হয়েছে।