রাজধানীর মোহাম্মদপুরে পথচারী এক নারীর কাছ থেকে আইফোন ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন দুই ছিনতাইকারী। তাৎক্ষণিক ভুক্তভোগী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী ট্রাফিক পুলিশের তৎপরতায় সেটি উদ্ধার হয়েছে। পরে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজনের নাম —মো. দুলাল হোসেন ও মো. শুভ।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিংয়ের সামনে রাদিয়া ইসলাম নামে এক পথচারীর কাছ থেকে একটি আইফোন ১৩ প্রো ম্যাক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। ভুক্তভোগীর চিৎকার শুনে সেখানে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ দ্রুত ধাওয়া করে মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করে। পরে স্থানীয় জনতার সহায়তায় অপর ছিনতাইকারীকেও আটক করা হয়।

ডিএমপি জানায়, উদ্ধার করা মোবাইল ফোনটি মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত এসআইয়ের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার দুই আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।